গুগলের অ্যাকটিভিটি কতটা তথ্য জমা রাখে, জানেন কি?
ইন্টারনেট ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। সার্চ করা, ম্যাপ ব্যবহার, ভিডিও দেখা কিংবা মোবাইল অ্যাপ চালানো প্রায় প্রতিটি কাজের সঙ্গেই জড়িয়ে আছে গুগলের বিভিন্ন সেবা। কিন্তু অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না, এসব ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হচ্ছে তাদের অনলাইন আচরণের একটি বড় তথ্যভান্ডার। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের অ্যাকটিভিটি সেটিংস চালু থাকলে ব্যবহারকারীর সার্চ হিস্ট্রি, অ্যাপ ব্যবহারের তথ্য, লোকেশন ডাটা এবং অনলাইন কার্যকলাপ দীর্ঘ সময় ধরে সংরক্ষিত হতে পারে।
এই তথ্যগুলো মূলত ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য কাজে লাগানো হয়। কোন ধরনের কনটেন্ট পছন্দ, কী খোঁজা হচ্ছে বা কোন সেবাগুলো বেশি ব্যবহার করা হচ্ছে এসব বিশ্লেষণ করে গুগল বিভিন্ন সাজেশন ও বিজ্ঞাপন দেখায়। তবে একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ একজন ব্যবহারকারীর দৈনন্দিন ডিজিটাল আচরণ থেকে তার অভ্যাস ও আগ্রহ সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি করা সম্ভব হয়।
ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে কেন বাড়ছে উদ্বেগ
প্রযুক্তি বিশেষজ্ঞদের ভাষায়, অনলাইনে একজন মানুষ যা কিছু করেন তার প্রায় সবকিছুরই একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়। কোথায় যাওয়া হচ্ছে, কী সার্চ করা হচ্ছে, কোন ভিডিও দেখা হচ্ছে কিংবা কোন অ্যাপ বেশি ব্যবহার করা হচ্ছে এসব তথ্য ধীরে ধীরে জমা হতে থাকে বিভিন্ন সার্ভিসে। গুগলের অ্যাকটিভিটি ব্যবস্থার মাধ্যমে এই ডাটা গুলো একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অবস্থায় সংরক্ষিত থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীরা যত বেশি অনুমতি দেন, তত বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে নিজের অ্যাকাউন্টের কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লোকেশন ট্র্যাকিং সক্রিয় থাকলে একজন ব্যবহারকারীর চলাচল সম্পর্কিত তথ্যও সংরক্ষিত হতে পারে, যা অনেকের কাছে অস্বস্তির কারণ।
গুগলের অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করার উপায়
ব্যবহারকারীরা চাইলে নিজেদের অ্যাকাউন্টে সংরক্ষিত পুরোনো তথ্য মুছে ফেলতে পারেন। এজন্য গুগল অ্যাকাউন্টের অ্যাকটিভিটি সেটিংসে গিয়ে Delete অপশনে প্রবেশ করতে হবে। সেখানে All time নির্বাচন করলে আগের জমে থাকা কার্যকলাপ মুছে ফেলার সুযোগ পাওয়া যায়। পরে গুগলের বিভিন্ন সার্ভিস নির্বাচন করে ডিলিট নিশ্চিত করতে হয়।
এছাড়া Web & App Activity বন্ধ করে দিলে ওয়েব ব্রাউজিং ও অ্যাপ ব্যবহারের তথ্য সংগ্রহ সীমিত করা সম্ভব। সংশ্লিষ্ট সেটিংসে গিয়ে Turn off অপশন ব্যবহার করলেই এই নিয়ন্ত্রণ চালু করা যায়। একইভাবে অনেক ব্যবহারকারী জানেন না যে, Play Store এ করা সার্চ ও ডাউনলোড হিস্ট্রিও সংরক্ষিত হয়। Play History সেটিংস থেকে সেটি বন্ধ রাখার সুযোগ রয়েছে।
ইউটিউব হিস্ট্রি ও লোকেশন ট্র্যাকিং নিয়েও সতর্কতা
ভিডিও প্ল্যাটফর্ম YouTube এ দেখা ভিডিও গুলোর হিস্ট্রিও গুগলের অ্যাকটিভিটির অংশ হিসেবে সংরক্ষিত হতে পারে। ব্যবহারকারীরা চাইলে YouTube History অপশনে গিয়ে Turn off নির্বাচন করার পর Pause অপশনের মাধ্যমে ভিডিও দেখার ইতিহাস সংরক্ষণ বন্ধ রাখতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, লোকেশন ট্র্যাকিং সীমিত করলে ব্যক্তিগত চলাচল সম্পর্কিত তথ্য আরও সুরক্ষিত রাখা যায়। বিশেষ করে ম্যাপ ব্যবহারের সময় লোকেশন নিয়ন্ত্রণ করলে অনলাইন ঝুঁকি কমানো সহজ হয়। তবে সব ধরনের ট্র্যাকিং বন্ধ করলে কিছু ব্যক্তিগতকৃত সুবিধা কম কার্যকর হতে পারে। যেমন আগ্রহভিত্তিক সাজেশন বা দ্রুত কনটেন্ট রিকমেন্ডেশন আগের মতো কাজ নাও করতে পারে।
ব্যক্তিগত গোপনীয়তায় এখন বাড়তি গুরুত্ব
ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এখন অনেকেই নিজেদের অনলাইন তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাইছেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নিয়মিত গুগলের অ্যাকটিভিটি পর্যালোচনা করা এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তন করা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হয়ে উঠছে। কারণ অনলাইনে ব্যক্তিগত তথ্য কতটা শেয়ার হবে, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ব্যবহারকারীর হাতেই থাকে।





