নতুন ইয়ারবাড কেনার আগে যেসব বিষয় অনেকেই খেয়াল করেন না
স্মার্টফোনের সঙ্গে এখন ইয়ারবাড ব্যবহার যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। অফিসের অনলাইন মিটিং থেকে শুরু করে জিমে ব্যায়াম, ট্রাভেল কিংবা মোবাইল গেম প্রায় সব জায়গাতেই ছোট এই ডিভাইসটির ব্যবহার বাড়ছে। কিন্তু বাজারে এত বেশি মডেল থাকায় শুধু দেখতে ভালো লাগলেই একটি ইয়ারবাড কেনা ঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু ফিচার এড়িয়ে যাওয়ার কারণেই পরে ব্যবহারকারীরা হতাশ হন।
ব্যস্ত পরিবেশে কাজে আসে বিশেষ প্রযুক্তি
বাস, ট্রেন কিংবা রাস্তাঘাটের মতো জায়গায় বাইরের শব্দের কারণে গান বা কল ঠিকভাবে শোনা কঠিন হয়ে পড়ে। এ কারণেই এখন অনেক ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি যোগ করা হচ্ছে। এই সুবিধা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে ব্যবহারকারীকে পরিষ্কার অডিও শুনতে সাহায্য করে। একই সঙ্গে কলের সময় মাইক্রোফোনে এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন থাকলে আশপাশে শব্দ থাকলেও কণ্ঠ তুলনামূলক পরিষ্কার শোনা যায়।
শুধু জোরে শব্দ হলেই ভালো অডিও নয়
একটি ইয়ারবাডের আসল পারফরম্যান্স বোঝা যায় তার সাউন্ড ব্যালেন্সে। ভালো অডিও মানে শুধু বেশি বেস নয়, বরং ভোকাল, ট্রেবল ও বেসের সমন্বয় ঠিকভাবে পাওয়া। অনেক মডেলে উচ্চ ভলিউমে শব্দ ফেটে যায় বা ডিটেইল হারিয়ে ফেলে, যা দীর্ঘ সময় ব্যবহার করলে বিরক্তিকর হয়ে ওঠে। তাই অডিও কোয়ালিটি যাচাই না করে শুধু ডিজাইন বা জনপ্রিয় ব্র্যান্ড দেখে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
দীর্ঘ সময় ব্যবহারে ব্যাটারি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
ভালো ব্যাটারি ব্যাকআপ না থাকলে ইয়ারবাড ব্যবহারের অভিজ্ঞতা দ্রুত খারাপ হয়ে যেতে পারে। বর্তমানে অনেক ব্যবহারকারী এমন মডেল খোঁজেন যা একবার চার্জে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা চলতে পারে। চার্জিং কেসসহ মোট ব্যাকআপ ২০ ঘণ্টা বা তার বেশি হলে দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা পাওয়া যায়। আবার ফাস্ট চার্জিং সুবিধা থাকলে অল্প সময় চার্জ দিয়েও কয়েক ঘণ্টা ব্যবহার সম্ভব হয়, যা ব্যস্ত ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর।
সংযোগ স্থিতিশীল না হলে বিরক্তি বাড়ে
ইয়ারবাড ব্যবহারের সময় হঠাৎ কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনেকের কাছেই বড় সমস্যা। নতুন ব্লুটুথ ভার্সনের মডেলগুলো সাধারণত দ্রুত ও স্থিতিশীল সংযোগ দিতে সক্ষম হয়। বিশেষ করে ব্লুটুথ ৫.২ বা তার পরের ভার্সন ব্যবহার করলে ব্যাটারির খরচ কম হয় এবং সংযোগও তুলনামূলক স্থির থাকে। যারা নিয়মিত ভিডিও দেখেন বা একাধিক ডিভাইসের সঙ্গে ইয়ারবাড ব্যবহার করেন, তাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
গেমিং ও দীর্ঘ ব্যবহারে আরামও বড় বিষয়
সব ইয়ারবাড একই ধরনের অভিজ্ঞতা দেয় না, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে। লো লেটেন্সি ফিচার থাকলে অডিও ও ভিডিওর মধ্যে দেরি কম হয়, ফলে গেম খেলার সময় আরও স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়। অন্যদিকে দীর্ঘ সময় কানে রাখলে যেন অস্বস্তি না হয়, সেটিও খেয়াল রাখা জরুরি। ওজন কম ও আরামদায়ক ফিটিংয়ের মডেল ব্যবহারকারীদের জন্য বেশি সুবিধাজনক হয়ে থাকে।
এছাড়া ওয়াটার ও সোয়েট রেজিস্ট্যান্ট ইয়ারবাড ব্যায়াম বা বাইরে ব্যবহারের সময় অতিরিক্ত নিরাপত্তা দেয়।প্রযুক্তি পণ্য কেনার ক্ষেত্রে শুধু বাহ্যিক ডিজাইন নয়, ব্যবহার ভিত্তিক প্রয়োজন বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সঠিক ফিচারের ইয়ারবাড বেছে নিতে পারলে দৈনন্দিন কাজের অভিজ্ঞতাও অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে।






