সার্টিফিকেশন সাইটে নতুন Redmi ডিভাইসের উপস্থিতি
চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Xiaomi সাব-ব্র্যান্ড Redmi এর একটি নতুন স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটি M332BF মডেল নম্বরসহ দেখা গেছে। বিভিন্ন রিপোর্টে ধারণা করা হচ্ছে, এটি Redmi K90 সিরিজের নতুন সংযোজন হতে পারে এবং বাজারে Redmi K90 Ultra নামে আত্মপ্রকাশ করতে পারে। এখনো পর্যন্ত কোম্পানি আনুষ্ঠানিকভাবে ফোনটির নাম বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে লিক সূত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
পারফরম্যান্স ও গেমিং ফোকাসে আসতে পারে নতুন মডেল
টিপস্টারদের তথ্য অনুযায়ী Redmi K90 Ultra তে Qualcomm এর Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করা হতে পারে। এই প্রসেসরকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্সের জন্য পরিচিত ধরা হয়। এছাড়া মিড বাজেট সেগমেন্টে গেমিং ও হেভি ইউসেজকে লক্ষ্য করে ফোনটি তৈরি করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। ডিভাইসটিতে ইনবিল্ট ফিজিক্যাল কুলিং ফ্যান থাকার সম্ভাবনার কথাও উঠে এসেছে। দীর্ঘ সময় গেম খেলার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই সিস্টেম ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার ও আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচারও থাকতে পারে।
ডিসপ্লে ও ডিজাইনে থাকতে পারে প্রিমিয়াম টাচ
ফাঁস হওয়া তথ্য বলছে, Redmi K90 Ultra তে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে। ডিভাইসটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 এবং IP69 রেটিং পেতে পারে, যা ফোনটিকে অতিরিক্ত সুরক্ষা দেবে।

8500mAh ব্যাটারি ও 100W চার্জিং নিয়ে আসতে পারে ফোনটি
ব্যাটারি বিভাগের দিক থেকেও Redmi K90 Ultra নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ফোনটিতে 8,500mAh ক্ষমতার বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে। 3C লিস্টিংয়ে 100W ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের ইঙ্গিত পাওয়া গেছে। তবে রিপোর্ট অনুযায়ী এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাও থাকতে পারে। এত বড় ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গেমিং ও ভারী ব্যবহারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হতে পারে।

সম্ভাব্য দাম ও লঞ্চ টাইমলাইন
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Redmi K90 Ultra এর প্রাথমিক মূল্য প্রায় 2,799 ইউয়ান হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৯ হাজার টাকার কাছাকাছি। লঞ্চ টাইমলাইন হিসেবে ২০২৬ সালের জুন অথবা জুলাই মাসের কথা উল্লেখ করা হয়েছে। চীনের বাজারে মিড-রেঞ্জ ক্যাটাগরিতে শক্তিশালী স্পেসিফিকেশন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ফোনটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
[ সোর্স ]








