TCL 32X3A OLED+ : ২০২৬ সালের মনিটর লঞ্চ ইভেন্টে TCL তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিসপ্লে TCL 32X3A OLED+ উন্মোচন করেছে। এই মডেলটি মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং পেশাদার ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, দ্রুত রিফ্রেশ রেট এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে এটি কোম্পানির নতুন হাই-এন্ড মনিটর হিসেবে এসেছে। চীনা বাজারে এই মনিটরের দাম নির্ধারণ করা হয়েছে 6666 ইউয়ান, যা প্রায় 966 ডলারের কাছাকাছি।
OLED+ প্যানেল ও উন্নত কালার পারফরম্যান্স
TCL 32X3A OLED+ এ ব্যবহার করা হয়েছে 31.5-ইঞ্চির একটি OLED+ প্যানেল। এই ধরনের প্যানেল গভীর কালো রঙ, উজ্জ্বল কালার এবং নির্ভুল ইমেজ কোয়ালিটি দিতে সক্ষম। ডিসপ্লেটি DCI-P3 এবং sRGB এই দুই কালার স্পেসে 99% কভারেজ দেয়, তাই ভিডিও এডিটিং বা সিনেমাটিক কনটেন্ট তৈরির মতো কাজেও এটি ব্যবহার করা যায়। মনিটরটিতে 10-bit কালার ডেপথ রয়েছে এবং সর্বোচ্চ 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। পাশাপাশি DisplayHDR True Black 400 সার্টিফিকেশন থাকায় HDR কনটেন্ট দেখার সময় আরও গভীর কনট্রাস্ট পাওয়া যায়।
গেমিংয়ের জন্য দ্রুত রিফ্রেশ রেট ও বিশেষ ফিচার
গেমিং পারফরম্যান্সের দিকেও বেশ জোর দিয়েছে TCL। TCL 32X3A OLED+ 4K রেজোলিউশনে 240Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার চাইলে Full HD মোডে রিফ্রেশ রেট 480Hz পর্যন্ত নেওয়া যায়, যা প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। মনিটরটির রেসপন্স টাইম মাত্র 0.03ms GtG, ফলে দ্রুত মুভমেন্টের সময় মোশন ব্লার কম দেখা যায়। মসৃণ গেমপ্লের জন্য এতে AMD FreeSync Premium এবং Nvidia G-Sync compatible সাপোর্ট রয়েছে।
এছাড়াও কিছু গেমিং-কেন্দ্রিক সফটওয়্যার ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে AI ভিত্তিক ডায়নামিক ক্রসহেয়ার অ্যাডজাস্টমেন্ট এবং ডার্ক সিন এনহান্সমেন্ট রয়েছে, যা প্রতিযোগিতামূলক গেমে অন্ধকার দৃশ্যেও অবজেক্ট দেখতে সাহায্য করে।
ডিজাইন, অডিও ও চোখের আরামের দিক
ডিজাইনের ক্ষেত্রে মনিটরটিতে Stargate অনুপ্রাণিত লুক দেওয়া হয়েছে। এর প্রোফাইল মাত্র 6.4mm পুরু এবং চারপাশে খুবই পাতলা বেজেল থাকায় স্ক্রিনটি বেশ ইমার্সিভ অনুভূতি দেয়। পেছনে একটি রিভার্স-প্রজেকশন অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম রয়েছে, যা নরম আলো তৈরি করে। অডিওর জন্য Bang & Olufsen এর টিউন করা স্পিকার ব্যবহার করা হয়েছে এবং সামনে মুখী সাউন্ড চেম্বার দেওয়া হয়েছে।
চোখের আরামের দিকেও কিছু ফিচার রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে লো ব্লু লাইট ফিল্টার, ফ্লিকার-ফ্রি ডিমিং এবং অ্যান্টি গ্লেয়ার কোটিং। একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও আছে, যা আশপাশের আলো অনুযায়ী ব্রাইটনেস ও কালার সমন্বয় করে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য স্ক্রিন বার্ন ইন কমাতে ইন্টেলিজেন্ট স্ক্রিন ম্যানেজমেন্ট ও পিক্সেল রিফ্রেশ প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
কানেক্টিভিটি ও অন্যান্য ঘোষণা
কানেক্টিভিটির ক্ষেত্রে TCL 32X3A OLED+-এ HDMI 2.1, DisplayPort 2.1, USB-C (90W পাওয়ার ডেলিভারি), USB-B, USB-A এবং একটি হেডফোন জ্যাক রয়েছে। এর মাধ্যমে পিসি, গেমিং কনসোল ও ল্যাপটপ সংযোগ দেওয়া যায় এবং একই সাথে ডিভাইস চার্জ ও বিভিন্ন পেরিফেরাল ব্যবহার করা সম্ভব। এদিকে একই ইভেন্টে TCL আরও কিছু নতুন প্রযুক্তি ও পণ্যও দেখিয়েছে। কোম্পানি CrystalClip ওপেন ইয়ার ইয়ারবাডসের একটি Swarovski স্পেশাল এডিশন উন্মোচন করেছে। পাশাপাশি TCL CSOT তাদের Super Pixel ডিসপ্লে প্রযুক্তি প্রদর্শন করেছে এবং MWC 2026-এ 8.6-জেনারেশন প্রিন্টেড OLED উৎপাদনের পরিকল্পনাও তুলে ধরেছে।
[ তথ্যসূত্র: gizmochina ]





