Sony’s Xperia 1 VIII নিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা ক্যামেরা ঘিরে
স্মার্টফোনের বাজারে ক্যামেরা এখন বড় প্রতিযোগিতার জায়গা। সেই জায়গাটাকেই এবার আরও জোরালোভাবে সামনে এনেছে Sony তাদের নতুন ফ্ল্যাগশিপ Sony’s Xperia 1 VIII এর মাধ্যমে। ফোনটির ঘোষণা আসার পর থেকেই প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এর নতুন ক্যামেরা প্রযুক্তি এবং ডিজাইনের পরিবর্তন। বিশেষ করে যারা মোবাইল ফটোগ্রাফিতে আগ্রহী, তাদের জন্য এই ডিভাইসে আলাদা কিছু রাখার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
AI Camera Assistant দিয়ে বদলাবে ছবি তোলার অভিজ্ঞতা
Sony’s Xperia 1 VIII এ যুক্ত করা হয়েছে নতুন AI Camera Assistant, যা কাজ করে Xperia Intelligence প্রযুক্তির সহায়তায়। ব্যবহারকারী ক্যামেরা চালু করে কোনো বিষয়বস্তুর দিকে তাক করলেই এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দৃশ্য, সাবজেক্ট এবং আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। এরপর সেটি ছবির জন্য উপযুক্ত কালার টোন, লেন্স নির্বাচন কিংবা বোকেহ ইফেক্টের মতো কিছু সাজেশন দেখায়। ব্যবহারকারী চাইলে সরাসরি সেই সাজেশন নির্বাচন করে ক্যামেরা সেটিংস প্রয়োগ করতে পারবেন। ফলে ম্যানুয়াল সেটিং না জেনেও তুলনা মূলক ভালো ফল পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। Sony মূলত ক্যামেরাকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করার দিকেই এবার বেশি মনোযোগ দিয়েছে।
বড় টেলিফটো সেন্সর এবার কম আলোতেও বিস্তারিত ছবি তুলবে
এই নতুন মডেলে সবচেয়ে বড় পরিবর্তনের একটি এসেছে টেলিফটো ক্যামেরায়। এখানে ব্যবহার করা হয়েছে 1/1.56 ইঞ্চি ইমেজ সেন্সর, যা আগের প্রজন্মের তুলনায় প্রায় চার গুণ বড়। বড় সেন্সর ব্যবহারের ফলে কম আলোতেও আরও বিস্তারিত ছবি ধারণ সম্ভব হবে বলে জানিয়েছে Sony। ফোনটিতে RAW multi frame processing, HDR এবং noise reduction প্রযুক্তিও যুক্ত রয়েছে। বিশেষ করে রাতের ছবি বা কম আলোয় তোলা ফটোর ক্ষেত্রে এগুলো কাজ করবে। ক্যামেরা সেটআপের বাইরের ডিজাইনেও পরিবর্তন এসেছে। আগের মতো লম্বা উল্লম্ব মডিউলের বদলে এবার পেছনের ক্যামেরাগুলো স্কয়ার আকৃতিতে সাজানো হয়েছে। সামনের দিকে রাখা হয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
আধুনিক ফ্ল্যাগশিপেও থাকছে 3.5mm হেডফোন জ্যাক
বর্তমান সময়ের অনেক প্রিমিয়াম স্মার্টফোন থেকেই 3.5mm অডিও জ্যাক বাদ দেওয়া হলেও Sony’s Xperia 1 VIII এ সেটি রাখা হয়েছে। যারা ওয়্যারড হেডফোন ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এটি আলাদা আকর্ষণ তৈরি করতে পারে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির OLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 Mobile Platform। ফলে ডিভাইসটি শুধু ক্যামেরা নয়, ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের দিক থেকেও উচ্চ পর্যায়ের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েই এসেছে।
ইউরোপে প্রি অর্ডার শুরু, সঙ্গে ফ্রি হেডফোন
Sony’s Xperia 1 VIII বাজারে আসছে Graphite Black, Iolite Silver, Garnet Red এবং Native Gold এই চারটি রঙে। 12GB RAM ও 256GB স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৯৯ ইউরো বা ১,৩৯৯ পাউন্ড। অন্যদিকে 16GB RAM ও 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১,৯৯৯ ইউরো এবং ১,৮৪৯ পাউন্ড। ইউরোপের গ্রাহকেরা এখন থেকেই ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। ডেলিভারি শুরু হওয়ার সম্ভাব্য সময় জুন মাস। তবে যুক্তরাষ্ট্রে এই মডেল আনার কোনো পরিকল্পনা বর্তমানে নেই বলে জানিয়েছে Sony। প্রি অর্ডারের সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে Sony এর WH 1000XM6 হেডফোন।
[ তথ্যসূত্র: engadget ]





