স্মার্ট টিভির পাশে কোন জিনিস গুলো রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে
বর্তমানে ঘরের বিনোদনের বড় অংশ জুড়ে রয়েছে স্মার্ট টিভি। অনেকেই ঘরের সাজসজ্জা বা সুবিধার কথা ভেবে টিভির চারপাশে নানা ধরনের ডিভাইস ও শোপিস রাখেন। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ অভ্যাস ধীরে ধীরে টিভির পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে ব্যয়বহুল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। তাই শুধু টিভি কেনাই নয়, সেটি কোন পরিবেশে রাখা হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত তাপ তৈরি করে এমন ডিভাইস বিপদের কারণ
অনেক বাসায় স্মার্ট টিভির আশেপাশে ওয়াইফাই রাউটার, মোবাইল ফোন, এক্সটেনশন বোর্ড বা অন্য ইলেকট্রনিক গ্যাজেট একসঙ্গে রাখা হয়। এসব ডিভাইস চালু অবস্থায় নিজস্ব তাপ উৎপন্ন করে। ফলে টিভির চারপাশের তাপমাত্রা বেড়ে যেতে পারে। দীর্ঘ সময় এমন অবস্থায় থাকলে টেলিভিশনের ভেতরের সংবেদনশীল পার্টসের ওপর চাপ পড়ে। অতিরিক্ত গরমের কারণে একসময় অভ্যন্তরীণ যন্ত্রাংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
ইনডোর প্ল্যান্ট ও পানিযুক্ত সাজসজ্জা কতটা নিরাপদ
টিভি ইউনিটকে আকর্ষণীয় দেখাতে অনেকে ছোট গাছ, টব বা পানিভরা অ্যাকোয়ারিয়াম ব্যবহার করেন। তবে এসব জিনিসের কারণে আশপাশে আর্দ্রতা বাড়তে পারে। দীর্ঘদিন ভেজাভাব থাকলে টিভির বৈদ্যুতিক উপাদান স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। এতে যন্ত্রাংশের কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি শর্ট সার্কিটের মতো সমস্যাও দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটতে পারে।
ম্যাগনেটিক জিনিস পত্র স্ক্রিনে প্রভাব ফেলতে পারে
স্মার্ট টিভির খুব কাছে শক্তিশালী ম্যাগনেটিক প্রভাব রয়েছে এমন জিনিস রাখা নিরাপদ নয়। বড় সাউন্ড স্পিকার, ম্যাগনেটিক ফোন হোল্ডার কিংবা কিছু পাওয়ার ব্যাংকের কারণে টিভির ডিসপ্লে ও সাউন্ড সিস্টেমে প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চৌম্বকীয় প্রভাবের কারণে পর্দার রঙের স্বাভাবিকতা নষ্ট হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে স্ক্রিন ঝাপসা বা কালচে দেখানোর সমস্যাও তৈরি হতে পারে।
ধুলো জমার পরিবেশ টিভির জন্য ক্ষতিকর
অনেকেই টিভি ক্যাবিনেটের ওপরে বই, কৃত্রিম গাছ বা বিভিন্ন সাজ সজ্জার সামগ্রী রাখেন। এসব জিনিস দ্রুত ধুলো টেনে নেয়। পরে সেই ধুলো টিভির পেছনের ভেন্টস বা বাতাস চলাচলের অংশে জমে যেতে পারে। বাতাস বের হওয়ার পথ বন্ধ হয়ে গেলে টিভির ভেতরের তাপ আটকে যায়। এর ফলে হঠাৎ টিভি বন্ধ হয়ে যাওয়া বা অভ্যন্তরীণ আইসি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
দীর্ঘদিন ভালো রাখতে পরিবেশের দিকেও নজর জরুরি
স্মার্ট টিভির স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে সেটি কোন পরিবেশে ব্যবহার করা হচ্ছে তার ওপর। আশপাশ পরিষ্কার রাখা, অতিরিক্ত তাপ তৈরি করা ডিভাইস দূরে রাখা এবং আর্দ্রতা কমানো এসব ছোট সতর্কতা টিভির পারফরম্যান্স ঠিক রাখতে সহায়তা করতে পারে। একই সঙ্গে অপ্রয়োজনীয় মেরামতের খরচ থেকেও দূরে থাকা সম্ভব হতে পারে।
[ সোর্স: dhakamail ]





