হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে কাজ করছে Meta। এতদিন অ্যাপটিতে কোনো স্ট্যাটাস প্রকাশের ২৪ ঘণ্টা পূর্ণ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও কিংবা স্মৃতিময় মুহূর্ত পরে আর খুঁজে পাওয়া যেত না। নতুন আপডেটে সেই সমস্যার সমাধান আনতে স্ট্যাটাস আর্কাইভ ফিচার যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
নতুন এই সুবিধা চালু হলে স্ট্যাটাস মেয়াদ শেষ হওয়ার পর তা পুরোপুরি ডিলিট হবে না। বরং অ্যাপের ভেতরে থাকা একটি আলাদা আর্কাইভ অংশে সংরক্ষিত থাকবে। ব্যবহারকারীরা পরে যেকোনো সময় সেখানে গিয়ে আগের স্ট্যাটাস দেখতে পারবেন। এতে গুরুত্বপূর্ণ কনটেন্ট হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
আলাদা আর্কাইভ সেকশনে থাকবে পুরোনো সব স্ট্যাটাস
ফিচারটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে পুরোনো স্ট্যাটাস গুলো একটি নির্দিষ্ট সেকশনে সাজানো অবস্থায় পাওয়া যায়। সেখানে ছবি, ভিডিও এবং টেক্সট স্ট্যাটাস আলাদা ভাবে সংরক্ষিত থাকবে। ব্যবহারকারী চাইলে সেখান থেকে আবার নতুন করে স্ট্যাটাস হিসেবেও শেয়ার করতে পারবেন।
বর্তমানে কোনো স্ট্যাটাস আগে থেকে ফোনে ডাউনলোড বা সেভ না করলে সেটি পরবর্তীতে আর ফিরে পাওয়া যায় না। তবে নতুন আর্কাইভ ব্যবস্থা চালু হলে আলাদা করে স্ক্রিনশট নেওয়া বা ভিডিও সংরক্ষণের প্রয়োজন অনেকটাই কমে যাবে। কারণ স্ট্যাটাসের সময়সীমা শেষ হওয়ার পর সেটি নিজে থেকেই আর্কাইভে চলে যাবে।
গোপনীয়তার বিষয়টিও রাখা হচ্ছে গুরুত্বে
স্ট্যাটাস আর্কাইভ ফিচারটি সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে কাজ করবে বলে জানা গেছে। অর্থাৎ সংরক্ষিত স্ট্যাটাস অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র যিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনিই নিজের আর্কাইভে থাকা পুরোনো কনটেন্ট দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে এই সুবিধা চালু বা বন্ধ রাখার সুযোগ পাবেন। ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখার দিকটিও এই আপডেটে গুরুত্ব দেওয়া হয়েছে।
আগে ছিল বিজনেস অ্যাকাউন্টে, এবার আসছে সবার জন্য
এর আগে একই ধরনের সুবিধা সীমিত আকারে WhatsApp Business ব্যবহারকারীদের জন্য চালু ছিল। সেখানে ব্যবসায়িক স্ট্যাটাস নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা যেত। এখন সেই অভিজ্ঞতাকে সাধারণ ব্যবহারকারীদের কাছেও নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম WABetaInfo জানিয়েছে, বর্তমানে ফিচারটির উন্নয়ন কাজ চলছে। খুব শিগগিরই পরীক্ষামূলক আপডেটের মাধ্যমে কিছু ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে পারে। পরে ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইনস্টাগ্রামের মতো অভিজ্ঞতা দিতে চায় মেটা
বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধা অনেকটা Instagram এর স্টোরি আর্কাইভ ফিচারের মতো কাজ করবে। বর্তমানে স্টোরি ও স্ট্যাটাসভিত্তিক কনটেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করতে এমন ফিচার যোগ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুলো। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা তাদের গুরুত্বপূর্ণ মুহূর্ত বা দরকারি তথ্য সহজে সংরক্ষণ করতে পারবেন। একই সঙ্গে স্ট্যাটাস ব্যবহারের পুরো অভিজ্ঞতাও আরও ব্যক্তিগত এবং ঝামেলাহীন হয়ে উঠবে।
[ তথ্য: Times Now , WABetaInfo ]





