Android 16 Location Privacy Feature: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষাকে আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিচ্ছে গুগল। আসন্ন অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে এমন একটি ফিচার যুক্ত হচ্ছে, যার মাধ্যমে কোনো অ্যাপ ব্যবহারকারীর লোকেশন বা অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহার করলেই ফোন তাৎক্ষণিক ভাবে সতর্ক সংকেত দেবে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর৩ (Quarterly Platform Release 3) এর বেটা সংস্করণে এই সুবিধার উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন ব্যবস্থায় ফোনের স্ক্রিনের উপরের অংশে, ব্যাটারি আইকনের পাশেই নীল রঙের একটি বিন্দু ও মানচিত্রের আইকন দেখা যাবে। কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বা সরাসরি লোকেশন ট্র্যাক শুরু করলেই এই চিহ্ন সক্রিয় হয়ে উঠবে, ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন তার অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহার করা হচ্ছে।
এই নীল চিহ্নে ট্যাপ করলে নোটিফিকেশন প্যানেল থেকে জানা যাবে ঠিক কোন অ্যাপ বা একাধিক অ্যাপ তখন লোকেশন ব্যবহার করছে। একই জায়গা থেকেই ব্যবহারকারী চাইলে সংশ্লিষ্ট অ্যাপ বন্ধ করতে পারবেন অথবা লোকেশন ব্যবহারের অনুমতি ও সেটিংস পরিবর্তন করতে পারবেন। এতে ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
নতুন এই ফিচারটি গুগলের আগের গোপনীয়তা উদ্যোগেরই একটি বিস্তৃত রূপ। কয়েক বছর আগে অ্যান্ড্রয়েডে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের সময় স্ক্রিনের ওপরের অংশে সবুজ রঙের একটি বিন্দু দেখানোর ব্যবস্থা চালু করা হয়েছিল।
সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার লোকেশন ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা যোগ করা হচ্ছে। নাইনটু ফাইভ গুগল প্রকাশিত স্ক্রিনশট অনুযায়ী, কোনো অ্যাপ যদি একসঙ্গে ক্যামেরা ও লোকেশন ব্যবহার করে, তাহলে স্ক্রিনে নীল ও সবুজ দুটি চিহ্ন একসঙ্গে দেখা যাবে, যেখানে মানচিত্র ও ক্যামেরার আইকন পাশাপাশি অবস্থান করবে।
এই মুহূর্তে সুবিধাটি শুধু গুগলের পিক্সেল সিরিজের ফোনে বেটা সংস্করণে সীমাবদ্ধ রয়েছে। তবে আগের অভিজ্ঞতা অনুযায়ী, ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ফিচারটি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৬ এর এই হালনাগাদ আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে লোকেশন ডেটা ব্যবহারকারীর সবচেয়ে সংবেদনশীল ব্যক্তিগত তথ্যগুলোর একটি। নতুন এই ফিচারের মাধ্যমে অজান্তে লোকেশন ট্র্যাকিং কমবে এবং ব্যবহারকারীরা তাদের গোপনীয়তা নিয়ে আরও সচেতন ও নিরাপদ থাকতে পারবেন।
সূত্র: ম্যাশেবল
Product Highlight
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nunc imperdiet rhoncus arcu non aliquet. Sed tempor mauris a purus porttitor